২০২৬ এর প্রথম প্রান্তিকে সাশ্রয়ী মূল্যের আইফোন মডেল ‘১৭ই’ বাজারে আনবে অ্যাপল। এতে থাকবে ম্যাগসেফ চার্জিং ফিচার ও অ্যাপল এ১৯ প্রসেসর। ব্লুমবার্গের মার্ক গার্মেনের মতে, আইফোন ১৭ই মার্চের প্রথম সপ্তাহেই বাজারে আসতে পারে। বর্তমান বাজেটে আইফোন ১৬ই নিয়ে ব্যবহারকারীদের মূল আপত্তি ছিল ম্যাগসেফ ফিচার না থাকা, সেটি এবার পূরণ হতে যাচ্ছে। এতে ব্যবহৃত হবে অ্যাপলের নিজস্ব সেলুলার ও ওয়্যারলেস চিপ। এর দাম হবে ৫৯৯ মার্কিন ডলার। গত বছরের শেষভাগেই জানা গিয়েছিল আইফোন ১৭ই-তে ডায়নামিক আইল্যান্ড ফিচার থাকবে। নতুন আইফোনের পাশাপাশি নতুন আইপ্যাড ও আইপ্যাড এয়ারও বাজারে আসবে শিগগিরই। ডিজাইনে খুব বেশি পরিবর্তন আনা না হলেও এগুলোতে থাকবে সর্বশেষ প্রযুক্তির চিপ। এ ছাড়াও এ বছরের আইপ্যাড মিনি মডেলে প্রথমবারের মতো ব্যবহৃত হবে ওলেড ডিসপ্লে। চলমান র্যাম ও ন্যান্ড সংকটের প্রভাবে আইপ্যাডের দাম বাড়বে কি না সেটি জানা যায়নি। তবে রিপোর্টের শেষে গার্মেন লিখেছেন, যাঁরা আইপ্যাড কেনার পরিকল্পনা করছেন তাঁরা নতুন মডেলের জন্য অপেক্ষা করুন, ভালো কিছুই আসছে।
Leave a Reply