মু. আজিজ, ফটিকছড়ি | ১ জুন ২০২৬, সোমবার: ফটিকছড়ির পাইন্দং এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা ও ছেলে নিহত হয়েছেন। সোমবার (১ জুন) চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের বৃন্দাবনহাট ইউনিয়ন পরিষদের সামনে বিআরটিসি বাস ও একটি মোটরসাইকেলের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন উত্তর পাইন্দং আমতল এলাকার বাসিন্দা শাহজাহান এবং তাঁর পুত্র আরিফ। আরিফ বৃন্দাবনহাট ইউনিয়ন পরিষদের সামনে অবস্থিত একটি মোটরসাইকেল গ্যারেজের মালিক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, আরিফ তাঁর বাবাকে নিয়ে মোটরসাইকেলে করে গ্যারেজে যাওয়ার পথে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে দ্রুতগতিতে আসা একটি বিআরটিসি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী বাবা-ছেলে গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর পেয়ে ফটিকছড়ি ফায়ার সার্ভিস, ফটিকছড়ি হাইওয়ে পুলিশ এবং ফটিকছড়ি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে এবং নিহতদের মরদেহ উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শীদের দাবি, বাসচালকের বেপরোয়া ও অসতর্ক গাড়ি চালানোর কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। তবে এ অভিযোগ স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। দুর্ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং একপর্যায়ে ক্ষুব্ধ জনতা দুর্ঘটনাকবলিত বাসটিতে অগ্নিসংযোগ করে বলে স্থানীয়রা জানিয়েছেন।
দুর্ঘটনার সঠিক কারণ এবং অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত করছে। এ মর্মান্তিক ঘটনায় পাইন্দং ও আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Leave a Reply