শিহাব আহমেদ: জ্ঞান, মানবতা ও সচেতনতায় গড়ে উঠবে আগামীর সমাজ এ স্লোগানকে সামনে রেখে মুন্সিগঞ্জ জেলা, সিরাজদিখান থানা, চিত্রকোট ইউনিয়ন খালপাড় গ্রামের শিক্ষার হার বৃদ্ধি, সচেতন নাগরিক গড়ে তোলা এবং সমাজের প্রতিটি মানুষকে মননশীল ও মানবিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ২ জুন খালপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক গুরুত্বপূর্ণ পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন খালপাড়ের বিশিষ্ট মানবিক চিকিৎসক ডা. মোহাম্মদ হোসেন। সভায় এলাকার গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, সমাজসেবক ও তরুণ প্রতিনিধিরা উপস্থিত থেকে খালপাড়ের সার্বিক উন্নয়ন এবং শিক্ষাবান্ধব সমাজ গঠনের বিষয়ে মতামত প্রদান করেন।
উপস্থিত ছিলেন হাবিবুর রহমান, মো. হানিফ স্যার, মো. রমজান স্যার, জমির আলী, কামরুল স্যার, ক্বারী নূরুল হুদা, শুকর চাঁন, মোহন মিয়া, সচিব তপন দাস, দীপক দাস, চিকিৎসক (হাকীম) শিহাব আহমেদ, শাওন, আলমগীর, শুভ আহমেদসহ এলাকার আরও অনেক সচেতন ব্যক্তি।
সভায় দীর্ঘ আলোচনা ও মতবিনিময়ের মাধ্যমে অংশগ্রহণকারীরা একমত হন যে, একটি শিক্ষিত, সচেতন ও মানবিক সমাজ গঠনের জন্য জ্ঞানের চর্চার কোনো বিকল্প নেই। এ লক্ষ্যে খালপাড়ে একটি আদর্শ পাঠাগার প্রতিষ্ঠার সিদ্ধান্ত গৃহীত হয়, যা শিশু, কিশোর, তরুণ ও সকল বয়সী মানুষের জন্য জ্ঞান অর্জনের উন্মুক্ত কেন্দ্র হিসেবে কাজ করবে।
এছাড়াও সভায় পাঠাগারের গুরুত্ব, শিক্ষার হার বৃদ্ধির প্রয়োজনীয়তা, বই পড়ার অভ্যাস গড়ে তোলা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির বিষয়ে একটি বৃহৎ আলোচনা সভার আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী ১০ জুলাই, শুক্রবার, বিকেল ৪টায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হবে বলে জানানো হয়।
সভায় গৃহীত কর্মসূচিগুলো সফলভাবে বাস্তবায়নের জন্য কয়েকজন দায়িত্বশীল ব্যক্তিকে বিভিন্ন দায়িত্ব অর্পণ করা হয়। বক্তারা আশা প্রকাশ করেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় খালপাড় একদিন শিক্ষা, মানবতা ও সচেতনতার উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে প্রতিষ্ঠিত হবে।
সভা শেষে উপস্থিত সকলেই “জ্ঞানের আলোয় আলোকিত হউক সমাজের সকলে” এই প্রত্যয়কে সামনে রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
Leave a Reply