রাজধানীর একটি পাঁচতারা হোটেলে গতকাল সন্ধ্যায় তারকার মেলা বসেছিল। হাজির হন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক এবং বর্তমান অধিনায়করা। তামিম ইকবালের আমন্ত্রণে একত্রিত হন তাঁরা। ‘ক্যাপ্টেনস কার্ড হস্তান্তর’ নামের এই অনুষ্ঠানে অধিনায়কদের হাতে বিশেষ একটি কার্ড তুলে দেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি। ধীরে ধীরে এই কার্ডের সুযোগ-সুবিধা বাড়বে বলেও জানান তিনি।
অধিনায়কের হাতে কার্ড তুলে দেওয়ার আগে তামিম বলেন, ‘অনেক ক্রিকেটার ও অধিনায়কের মনে একটা অনিশ্চয়তা কাজ করে। যে অনুভূতি আমার নিজেরও হয়েছে। আমি যদি মাঠে যাই, আমাকে চিনবে তো? কেউ যদি থামায়, আমার সম্মানে আঘাত লাগবে।
আমি নিশ্চিত, এখানে উপস্থিত অনেকেরই এমন হয়েছে। যাঁদের কারণে আমাদের ক্রিকেট দাঁড়িয়ে আছে, তাঁদের এমন পরিস্থিতির মধ্য দিয়ে যাওয়া সত্যিই দুর্ভাগ্যজনক।’ বর্তমানে এই কার্ড প্রদর্শন করে বাংলাদেশের যেকোনো স্টেডিয়ামে ফ্রিতে খেলা দেখতে পারবেন অধিনায়করা। পাশাপাশি দেশে আইসিসির ইভেন্ট চললেও ফ্রি গাড়ি পার্কিং সুবিধা পাবেন অধিনায়করা। অবসরের পরেও বর্তমান ক্রিকেটারদের মতো বীমা ও চিকিৎসা সুবিধা পাবেন কার্ডপ্রাপ্তরা।অধিনায়কদের মিলনমেলায় ২৭ জনের মধ্যে ২০ জন উপস্থিত ছিলেন। শামীম কবির মৃত্যুবরণ করেছেন। মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান, খালেদ মাসুদ, ফারুক আহমেদ, আমিনুল ইসলাম ও নাঈমুর রহমানরা ছিলেন না। যদিও কারাগারে থাকা নাঈমুরের স্ত্রীর সঙ্গে কথা হয়েছে তামিমের।
এমনকি ফারুক-সাকিবসহ সব অধিনায়ককে ফোন করে দাওয়াত দেন সভাপতি। কিন্তু বর্তমান সভাপতি সাবেক সভাপতি আমিনুলের ফোনে ব্লক তালিকায় থাকায় তাঁর সঙ্গে কথা বলতে পারেননি। নারী অধিনায়কদের মধ্যে একমাত্র রুমানা আহমেদ উপস্থিত ছিলেন।
Leave a Reply