মু. আজিজ, ফটিকছড়ি: (৪ জুন বৃহস্পতিবার) চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বাগান বাজার ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান শাহাদাত হোসেন সাজুর বিরুদ্ধে অবস্থান কর্মসূচি পালন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন—যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।
স্থানীয় রাজনৈতিক সূত্র ও এলাকাবাসীর বরাতে জানা যায়, গত ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর রাজনৈতিক পট পরিবর্তনের সময় চেয়ারম্যান শাহাদাত হোসেন সাজু দীর্ঘদিন ইউনিয়ন পরিষদ থেকে অনুপস্থিত ছিলেন। পরে সম্প্রতি তিনি পুনরায় ইউনিয়ন পরিষদে যোগদান করে দায়িত্ব গ্রহণ করেন।
দায়িত্ব গ্রহণের পর ২৪ ঘণ্টা না পেরোতেই বৃহস্পতিবার ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। তারা চেয়ারম্যানের অতীত রাজনৈতিক অবস্থান ও স্থানীয় প্রশাসনিক কার্যক্রমকে কেন্দ্র করে বিভিন্ন অভিযোগ ও আপত্তি তুলে ধরেন।
কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীরা বলেন, গণঅভ্যুত্থানের পর স্থানীয় প্রশাসনিক কাঠামো ও ইউনিয়ন পরিষদের কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনগণের স্বার্থ নিশ্চিত করতেই তারা এ অবস্থান কর্মসূচি পালন করেছেন। তারা অভিযোগ করেন, দীর্ঘ অনুপস্থিতির পর পুনরায় দায়িত্ব গ্রহণকে কেন্দ্র করে স্থানীয় পর্যায়ে অস্থিরতা তৈরি হয়েছে।
উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক ইঞ্জি: বেলাল উদ্দিন মুন্না বলেন, গণঅভ্যুত্থানের পর জনগণ একটি নতুন রাজনৈতিক পরিবেশ প্রত্যাশা করে। ইউনিয়ন পরিষদে স্বচ্ছতা ও জনগণের অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের অবস্থান অব্যাহত থাকবে। এদিকে কর্মসূচিকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদ এলাকায় রাজনৈতিক আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে। তবে কর্মসূচি চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল বলে জানা গেছে।
এ বিষয়ে চেয়ারম্যান শাহাদাত হোসেন সাজুর বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী প্রতিবেদনে প্রকাশ করা হবে।
Leave a Reply