এম আল- আমিন, প্রতিনিধি, সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং এলাকায় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে এক বালু শ্রমিককে গ্রেফতার করেছে গোয়াইনঘাট থানা পুলিশ। এ ঘটনায় স্থানীয় সচেতন মহল প্রশাসনের এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছে এবং সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়েছে।
তবে এলাকাবাসীর প্রশ্ন—শুধু শ্রমিকদের গ্রেফতার করলেই কি গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন বন্ধ হবে? এই অবৈধ কার্যক্রমের পেছনে কারা জড়িত? কাদের ইশারায় দীর্ঘদিন ধরে নদী থেকে বালু উত্তোলন চলছে?স্থানীয়দের দাবি, প্রকৃত হোতা ও প্রভাবশালীদের চিহ্নিত করে আইনের আওতায় না আনলে এ ধরনের অবৈধ কার্যক্রম বন্ধ করা সম্ভব নয়। তারা প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন, যারা এই অবৈধ বালু উত্তোলনের নির্দেশদাতা ও সুবিধাভোগী—প্রথমে তাদের গ্রেফতার করা হোক। তাহলেই গোয়াইনঘাট থেকে অবৈধ কর্মকাণ্ড অনেকাংশে কমে আসবে।
এছাড়া দেশের অন্যতম পর্যটনকেন্দ্র সাদা পাথর এলাকা থেকেও মূল্যবান পাথর চুরির অভিযোগ রয়েছে। স্থানীয়দের ধারণা, যারা পাথর চুরির সঙ্গে জড়িত, তারাই অবৈধ বালু উত্তোলনের সঙ্গেও সম্পৃক্ত থাকতে পারে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন এলাকাবাসী। সাধারণ জনগণের প্রত্যাশা—একটি সুন্দর ও সুশৃঙ্খল দেশ গড়ার পাশাপাশি গোয়াইনঘাট উপজেলাকেও একটি নিরাপদ ও অবৈধ কর্মকাণ্ডমুক্ত এলাকা হিসেবে গড়ে তোলা হোক।
Leave a Reply