ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতরের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে মানবিক উদ্যোগ নিয়েছে জেজেডিএ (JJDA) ফ্রেন্ডস ফোরাম।
সংগঠনটির উদ্যোগে ফটিকছড়িতে শতাধিক অসহায়, দুস্থ ও নিম্নবিত্ত পরিবারের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী ও ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
১২ মার্চ বুধবার ফটিকছড়ি উপজেলা সদর বিবিরহাটের একটি হলরুমে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে এসব সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সাংবাদিক মোহাম্মদ জিপন উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম–২ (ফটিকছড়ি) আসনে বেসরকারিভাবে নির্বাচিত সংসদ সদস্য সরোয়ার আলমগীর।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহিম।
প্রধান অতিথির বক্তব্যে সরোয়ার আলমগীর বলেন, “রমজান আমাদের সংযম, সহমর্মিতা ও মানবিকতার শিক্ষা দেয়। সমাজের সামর্থ্যবান ব্যক্তিরা যদি নিজ নিজ অবস্থান থেকে অসহায় মানুষের পাশে দাঁড়ান, তাহলে সমাজে কেউ আর অভুক্ত থাকবে না। জেজেডিএ ফ্রেন্ডস ফোরামের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।”
প্রধান আলোচক উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহিম বলেন, “রমজানের এই ধরনের উদ্যোগ সমাজে ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করে। রমজান শুধু না খেয়ে থাকার নাম নয়, বরং একে অপরের কষ্ট ভাগ করে নেওয়ার শিক্ষা দেয়। আজ যারা খাদ্য ও উপহার গ্রহণ করছেন, এটি কোনো করুণা নয়—এটি আমাদের সামাজিক দায়িত্ব ও মানবিক কর্তব্য।”
সভাপতি ও সংগঠনের সমন্বয়কারী সাংবাদিক মোহাম্মদ জিপন উদ্দিন বলেন, “আমরা কেবল বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ নই; সামাজিক দায়বদ্ধতা থেকেও মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। রমজান ও ঈদের আনন্দে যেন এলাকার দরিদ্র মানুষগুলোও অংশ নিতে পারে—সেই লক্ষ্যেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।”
সংগঠনের সদস্যরা জানান, জেজেডিএ ফ্রেন্ডস ফোরামের নিজস্ব তহবিল ও শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতায় এই খাদ্য ও উপহার সামগ্রী সংগ্রহ করা হয়েছে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাস্টার জেএম তাওহীদ হোসেন ও জাহেদ চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মাহাবুবুল আলম, ফটিকছড়ি পৌরসভা বিএনপির সভাপতি মোবারক হোসেন কাঞ্চন, নাজিম উদ্দিন শাহীন, জাহাঙ্গীর আলম চৌধুরী, সরোয়ার হোসেন, মো. জালাল উদ্দিন চৌধুরী, লায়ন সুকান্ত বড়ুয়া বিপুল, প্রফেসর এন. এম. রহমত উল্লাহ, বেলাল উদ্দিন মেম্বার, বরুণ আচার্য বলাই, মোজাহারুল ইকবাল লাভলু, এমদাদুল ইসলাম মুন্না, এরশাদ খোকন, নাজমুল তারেক, মাওলানা হাসিবুর রহমান, মোহাম্মদ ইয়াসিন, জমির উদ্দিন, মো. সোহেলসহ জেজেডিএ ফ্রেন্ডস ফোরামের সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা।
Leave a Reply