চলতি বছরের জানুয়ারিতে সারা দেশে ৫৫৯টি সড়ক দুর্ঘটনায় ৪৮৭ জন নিহত হয়েছেন। আর আহত হয়েছেন এক হাজার ১৯৪ জন। বৃহস্পতিবার সকালে দুর্ঘটনা নিয়ে কাজ করা সংগঠন রোড সেফটি ফাউন্ডেশন এই পরিসংখ্যান প্রকাশ করে।
গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানিয়েছে, নয়টি জাতীয় দৈনিক, সাতটি অনলাইন নিউজ পোর্টাল, বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া এবং নিজস্ব তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।
তবে সবচেয়ে বেশি মোটরসাইকেল দুর্ঘটনা। রোড সেফটি ফাউন্ডেশন বলছে, ২০৮টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৯৬ জন নিহত হয়েছেন, যা মোট নিহতের ৪০ দশমিক ২৪ শতাংশ। এছাড়া, চারটি নৌ দুর্ঘটনায় ছয়জনের মৃত্যু ও সাতজন আহত হয়েছেন। আর রেল পথে ৪১টি দুর্ঘটনায় ৩২ জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন ১৭ জন।
ঢাকা বিভাগে দুর্ঘটনা ঘটেছে সবচেয়ে বেশি। ১৪৩টি দুর্ঘটনায় ১১৯ জন নিহত হয়েছেন, যা মোট দুর্ঘটনার ২৫ দশমিক ৫৮ শতাংশ। সবচেয়ে কম দুর্ঘটনা ঘটেছে সিলেটে। যেখানে ২৪টি দুর্ঘটনায় ১৮ জন নিহত হয়েছেন। অর্থাৎ, চার দশমিক ২৯ শতাংশ।
Leave a Reply