কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: সংসার জীবনের বয়স হয়েছিল মাত্র পাঁচ মাস। হাতের মেহেদির রঙ হয়তো এখনো পুরোপুরি মুছে যায়নি, কিন্তু তার আগেই না ফেরার দেশে পাড়ি জমালেন ১৫ বছর বয়সী কিশোরী বধূ শামিমা আক্তার। বুধবার (২৭ মে) সকালে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়নের ছৈলাদি এলাকায় স্বামীর বাড়ি থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় শোকের পাশাপাশি বাল্যবিবাহ নিয়ে নতুন করে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। নিহত শামিমা আক্তার উপজেলার কলাপাটুয়া এলাকার আমিনুল ইসলামের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ছৈলাদি গ্রামের সোহান (১৬)-এর সঙ্গে শামিমার দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। পরিবারের সম্মতিতেই প্রায় পাঁচ মাস আগে ধুমধাম করে তাদের বিয়ে সম্পন্ন হয়। তবে বিয়ের কিছুদিন পর থেকেই দাম্পত্য জীবনে নানা বিষয় নিয়ে কলহ শুরু হয় বলে জানা গেছে। বুধবার সকাল ১০টার দিকে শামিমাকে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে কালীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। এটি হত্যা নাকি আত্মহত্যা, তা এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”
ঘটনাস্থল পরিদর্শনকারী কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল ইসলাম জানান, “মরদেহ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। বর্তমানে উভয় পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে, ১৫ বছরের শামিমা ও ১৬ বছরের সোহানের বিয়ে নিয়ে এলাকায় তীব্র আলোচনা শুরু হয়েছে। সচেতন মহলের প্রশ্ন—আইনের চোখে স্পষ্ট বাল্যবিবাহ হওয়া সত্ত্বেও কীভাবে প্রশাসন বা স্থানীয় জনপ্রতিনিধিদের অগোচরে এই বিয়ে সম্পন্ন হলো? বাল্যবিবাহ প্রতিরোধে প্রশাসনের কঠোর অবস্থানের কথা বলা হলেও বাস্তবে কেন এমন ঘটনা থামানো যাচ্ছে না—তা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে। স্থানীয়দের দাবি, সময়মতো বাল্যবিবাহটি বন্ধ করা গেলে হয়তো আজ একটি কিশোরীর প্রাণ ঝরে যেত না।
শামিমার এই রহস্যজনক মৃত্যু পারিবারিক কলহের ফল, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে—তা এখন পুলিশের তদন্তের ওপর নির্ভর করছে। তবে সম্ভাবনাময় এক কিশোরীর এমন অকাল মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা দায়ের হয়নি।
Leave a Reply