কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে গাজীপুর জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে শিক্ষা পদকের জন্য নির্বাচিত হয়েছেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম।
শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান, প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, বিদ্যালয় ব্যবস্থাপনায় গতিশীলতা সৃষ্টি এবং উপজেলা পর্যায়ে শিক্ষা কার্যক্রমে সক্রিয় ও কার্যকর ভূমিকা রাখায় তাকে এ সম্মাননার জন্য মনোনীত করা হয়েছে। তার নেতৃত্বে কালীগঞ্জ উপজেলায় শিক্ষা উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রম বাস্তবায়িত হওয়ায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ব্যাপক ইতিবাচক সাড়া সৃষ্টি হয়েছে।
জানা যায়, প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে জেলা পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ ব্যক্তি ও প্রতিষ্ঠান নির্বাচন করা হয়। এরই ধারাবাহিকতায় গাজীপুর জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে শিক্ষা পদকের জন্য নির্বাচিত হন কালীগঞ্জের ইউএনও এটিএম কামরুল ইসলাম।
তার এ অর্জনে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, জনপ্রতিনিধি ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অভিনন্দন জানিয়েছেন। তারা বলেন, একজন মানবিক ও কর্মদক্ষ প্রশাসনিক কর্মকর্তা হিসেবে এটিএম কামরুল ইসলাম ইতোমধ্যে কালীগঞ্জবাসীর আস্থা অর্জন করেছেন। তার নেতৃত্বে উপজেলার শিক্ষা ব্যবস্থা আরও আধুনিক, সমৃদ্ধ ও গতিশীল হবে বলেও তারা আশা প্রকাশ করেন।
উল্লেখ্য, এটিএম কামরুল ইসলাম ৩৬তম বিসিএস প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা এবং বর্তমানে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন।
Leave a Reply