মু. আজিজ | ফটিকছড়ি প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার হাসনাবাদ বৈদ্যপাড়াস্থ জান্নাতুল নাঈম শাহী জামে মসজিদে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (৮ মে) দিবাগত রাতে ফজরের আযানের আগ মুহূর্তে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয়রা।
স্থানীয় বাসিন্দা ইমরান হাসান জানান, চোরেরা মসজিদে প্রবেশ করে তাপবিদ্যুৎ/আইপিএসের ২টি ব্যাটারি, মাইকের ২টি মেশিন (অ্যামপ্লিফায়ার) এবং দানবক্স ভেঙে নগদ টাকা নিয়ে যায়।
ঘটনার পর পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় মুসল্লিরা ক্ষোভ প্রকাশ করে বলেন, “আল্লাহর ইবাদতের ঘর যদি নিরাপদ না থাকে, তাহলে মানুষ কোথায় নিরাপদ পাবে?”
মসজিদ কমিটির পক্ষ থেকে এলাকাবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে, কেউ যদি ঘটনার রাতে সন্দেহজনক কাউকে মসজিদের আশেপাশে ঘোরাফেরা করতে দেখে থাকেন কিংবা কেউ পুরাতন ব্যাটারি বা মাইকের মেশিন বিক্রি করতে আসে, তাহলে দ্রুত বিষয়টি জানাতে।
এদিকে স্থানীয়দের অভিযোগ, ঘটনার পরও ভূজপুর থানা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে দৃশ্যমান কোনো তৎপরতা দেখা যায়নি। এ নিয়ে জনমনে ক্ষোভ বিরাজ করছে। এলাকাবাসী দ্রুত তদন্ত সাপেক্ষে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
Leave a Reply