কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: “পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরের কালীগঞ্জে শুরু হয়েছে পুষ্টি সপ্তাহ ২০২৬।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে উপজেলা পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সঞ্চালনা করেন ডাক্তার আলামিন হোসেন এবং সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রেজওয়ানা রশিদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম। এছাড়াও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, সেবিকাবৃন্দ এবং স্থানীয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম বলেন, বাংলাদেশের প্রেক্ষাপটে পুষ্টি বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। তিনি বলেন, প্রান্তিক জনগণের মধ্যে উঠান বৈঠকের মাধ্যমে পুষ্টির গুরুত্ব, এর কার্যকারিতা এবং পুষ্টির অভাবে শরীরে কী ধরনের নেতিবাচক প্রভাব পড়ে সে বিষয়ে সচেতনতা তৈরি করতে হবে।
তিনি আরও বলেন, একটি সুস্থ জাতি গঠনের জন্য সুস্থ জনস্বাস্থ্য অপরিহার্য, আর এই সুস্থ জনস্বাস্থ্য গড়ে তুলতে পুষ্টির কোনো বিকল্প নেই।
অনুষ্ঠান শেষে পুষ্টি বিষয়ক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
Leave a Reply