1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন

কালীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ৩৬ বার

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা করা হয়।

সূর্যোদয়ের সাথে সাথে কালীগঞ্জ উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার ও স্বাধীনতা স্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় স্থানীয় সংসদ সদস্যের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদনসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিগণ, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক এবং সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন। পুষ্পস্তবক অর্পণ শেষে এক মিনিট নীরবতা পালন এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

সকাল ৯টায় কালীগঞ্জ আর. আর. এন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, বর্ণাঢ্য কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শন অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার এ. টি. এম. কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এ. কে. এম. ফজলুল হক মিলন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মহান স্বাধীনতা দিবস জাতির গৌরবোজ্জ্বল অর্জনের প্রতীক। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা রক্ষা ও দেশের উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান।

দিবসের কর্মসূচির অংশ হিসেবে সকাল ১০টায় শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। এছাড়া এতিমখানা ও হাসপাতালে উন্নতমানের খাবার বিতরণ, বাদ জোহর দেশের শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও প্রার্থনা অনুষ্ঠিত হয়। বিকেলে আর. আর. এন পাইলট স্কুল মাঠে উপজেলা প্রশাসন ও সুশীল সমাজের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ এবং সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এদিকে দিবসটি উপলক্ষে উপজেলার প্রধান সড়কগুলো জাতীয় পতাকা ও রঙিন ফেস্টুনে সজ্জিত করা হয়, যা পুরো এলাকায় এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews