কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে আসন্ন ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস–২০২৬ উদযাপনের লক্ষ্যে গাজীপুরের কালীগঞ্জে প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ মার্চ) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব এ. টি. এম. কামরুল ইসলাম। সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনাবা জাকিয়া সরোয়ার লিমা, কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
সভায় সভাপতির বক্তব্যে ইউএনও এ. টি. এম. কামরুল ইসলাম বলেন, ২৫ মার্চের কালরাত্রি বাঙালি জাতির ইতিহাসে এক বিভীষিকাময় অধ্যায়। সেই গণহত্যার স্মৃতি ধারণ করেই ২৬ মার্চের মহান স্বাধীনতার সূচনা। তিনি বলেন, “জাতির শ্রেষ্ঠ সন্তানদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতার মর্যাদা রক্ষায় আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে।”
সভায় দিবস দুটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে রয়েছে শহীদদের স্মরণে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, সরকারি-বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা, শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষ কর্মসূচি, সাংস্কৃতিক অনুষ্ঠান ও দোয়া মাহফিলের আয়োজন।
অনুষ্ঠানসমূহ যথাযথ শৃঙ্খলা, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করে বাস্তবায়নের লক্ষ্যে সংশ্লিষ্ট সকল দপ্তরকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জাতীয় দিবস দুটির তাৎপর্য নতুন প্রজন্মের মাঝে তুলে ধরতে সমন্বিতভাবে সকল দপ্তর কাজ করবে।
Leave a Reply