কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলায় পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় রাখতে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। গাজীপুর-৫ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন–এর পরামর্শক্রমে এ উদ্যোগ নেওয়া হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে পরিচালিত এ কার্যক্রমে নেতৃত্ব দেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সারোয়ার লিমাসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
মনিটরিং টিম কালীগঞ্জের বিভিন্ন কাঁচাবাজার ও মুদি দোকান পরিদর্শন করে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যতালিকা, পণ্যের মান ও সরবরাহ পরিস্থিতি যাচাই করেন। ব্যবসায়ীদের সরকার নির্ধারিত মূল্যতালিকা প্রদর্শন ও ন্যায্যমূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, রমজান মাসে যাতে কোনো অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট সৃষ্টি বা অতিরিক্ত মূল্য আদায় করতে না পারে, সেজন্য নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি ভোক্তাদেরও সচেতন থাকার আহ্বান জানান এবং কোনো অনিয়ম চোখে পড়লে প্রশাসনকে অবহিত করার অনুরোধ করেন।
স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, রমজান মাসে বাজারদ।র নিয়ন্ত্রণে রাখতে এমন তদারকি কার্যক্রম সাধারণ মানুষের জন্য স্বস্তিদায়ক ভূমিকা রাখবে।
Leave a Reply