কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষে গাজীপুরের কালীগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন। এ সময় তিনি ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, “ভাষার জন্য জীবন উৎসর্গকারী শহীদদের আত্মত্যাগ আমাদের জাতীয় চেতনার ভিত্তি। তাঁদের রক্তের বিনিময়ে অর্জিত মাতৃভাষার মর্যাদা রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব। ভাষা আন্দোলনের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা একটি ন্যায়ভিত্তিক, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলব—এটাই আজকের অঙ্গীকার।”
উপজেলায় পৌঁছালে তাঁকে ফুল দিয়ে বরণ করে নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু এবং সাবেক সাধারণ সম্পাদক সোলায়মান আলম।
আলোচনা সভা শেষে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। অনুষ্ঠানের শেষে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয় এবং মহান একুশের চেতনায় দেশ গঠনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।
Leave a Reply