1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১১:২৬ অপরাহ্ন

ফটিকছড়িতে হালদা নদীতে বাড়ছে দূষণ, ঝুঁকিতে প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ৬৫ বার

মো: আজগর আলী (চট্টগ্রাম): চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ঐতিহ্যবাহী হালদা নদী ক্রমেই দূষণের চাপে পড়ছে। দেশের একমাত্র প্রাকৃতিক কার্পজাতীয় মাছের ডিম ছাড়ার নদী হিসেবে পরিচিত এই নদীর পরিবেশগত ভারসাম্য নিয়ে উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মধ্যে।

উপজেলার সমিতিরহাট ইউনিয়নের বিভিন্ন এলাকায় নদীতে গৃহস্থালি বর্জ্য, প্লাস্টিক, কৃষিজমির রাসায়নিকযুক্ত পানি এবং তেল–চিটা মিশ্রিত তরল বর্জ্য সরাসরি ফেলার অভিযোগ পাওয়া গেছে। এতে নদীর পানির স্বাভাবিক গুণগত মান নষ্ট হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ তৌহিদুল আলম বলেন, নদীটি দিন দিন দূষিত হয়ে পড়ছে। দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়া না হলে নদীর প্রাকৃতিক পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।

স্থানীয়দের অভিযোগ, নদীতীরবর্তী এলাকায় অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা, কৃষিতে অতিরিক্ত কীটনাশক ব্যবহার এবং বিভিন্ন উৎস থেকে আসা দূষিত পানি সরাসরি নদীতে পড়ছে। কোথাও কোথাও পানির রং পরিবর্তন ও দুর্গন্ধ ছড়ানোর ঘটনাও দেখা যাচ্ছে।

মানবাধিকার কর্মী অ্যাডভোকেট ইসমাইল গনি বলেন, মানুষের অসচেতন আচরণ ও অনিয়ন্ত্রিত কার্যক্রমের কারণে নদীর জীববৈচিত্র্য ঝুঁকির মুখে পড়ছে। নদী রক্ষায় প্রশাসনিক তৎপরতার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি জরুরি বলে তিনি মনে করেন।

গবেষকদের মতে, দূষণের মাত্রা বাড়তে থাকলে মাছের ডিম উৎপাদন ও বেঁচে থাকার হার কমে যেতে পারে। আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ এই নদী বাংলাদেশের প্রধান কার্পজাতীয় মাছের প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র হিসেবে দীর্ঘদিন ধরে পরিচিত।

পরিবেশবিদদের ভাষ্য, নদীতে ডলফিনসহ জলজ প্রাণীর মৃত্যুর ঘটনা সম্ভাব্য পরিবেশগত সংকটের ইঙ্গিত দিচ্ছে।পরিবেশ সচেতন মহলের দাবি, নদীতে গৃহস্থালি ও শিল্পবর্জ্য ফেলা বন্ধ, অবৈধ বালু উত্তোলন নিয়ন্ত্রণ, নিয়মিত পানি মান পরীক্ষা ও পরিবেশ পর্যবেক্ষণ, নদীতীরবর্তী এলাকায় সচেতনতা কার্যক্রম জোরদার করতে হবে।

ফটিকছড়ি উপজেলা প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, নদী রক্ষায় দূষণ নিয়ন্ত্রণ ও অবৈধ কার্যক্রম বন্ধে সরকারি উদ্যোগ অব্যাহত রয়েছে।

সিনিয়র সাংবাদিক কামাল উদ্দিন চৌধুরী বলেন, “হালদা নদী শুধু একটি নদী নয়, এটি দেশের মৎস্য সম্পদ ও পরিবেশ নিরাপত্তার গুরুত্বপূর্ণ অংশ। এখনই কার্যকর ব্যবস্থা না নিলে ভবিষ্যতে বড় সংকট তৈরি হতে পারে।”

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews