ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়িতে জুলাই শহীদ দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজিত রাষ্ট্রীয় কর্মসূচিতে জুলাই গণ-অভ্যুত্থানের অংশীজন, জুলাই যোদ্ধা ও আহত যোদ্ধাদের আমন্ত্রণ না দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) উপজেলা প্রশাসনের আয়োজিত কর্মসূচিতে প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিএনপি ও ছাত্রদলের কয়েকজন প্রতিনিধি উপস্থিত থাকলেও জুলাই আন্দোলনের পরিচিত অংশীজন, আহত যোদ্ধা বা তাঁদের পরিবারের সদস্যদের কাউকে দেখা যায়নি। অভিযোগ, তাঁদের অনুষ্ঠানে আমন্ত্রণই জানানো হয়নি।
এ ঘটনায় জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্রশিবির, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, গণ অধিকার পরিষদসহ কয়েকটি রাজনৈতিক সংগঠনের নেতারা ক্ষোভ প্রকাশ করেছেন। স্থানীয়দের ভাষ্য, যাঁদের আত্মত্যাগের স্মরণে দিবসটি পালিত হচ্ছে, তাঁদের বাদ দিয়ে কর্মসূচি পালন করায় জুলাইয়ের চেতনা যথাযথভাবে প্রতিফলিত হয়নি।
চট্টগ্রাম উত্তর জেলা এনসিপির যুগ্ম সমন্বয়ক মুহাম্মদ একরামুল হক বলেন, জুলাই গণ-অভ্যুত্থান থেকে উঠে আসা দল এনসিপিকেও আমন্ত্রণ জানানো হয়নি। জুলাই কোনো ব্যক্তি বা দলের নয়, এটি গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া সবার।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আকিব হাসান মাহি বলেন, জুলাইয়ের অংশীজনদের বাদ দিয়ে কর্মসূচি পালন করায় ইতিহাস বিকৃত করা হয়েছে। আর জুলাই আন্দোলনের যোদ্ধা সাইরান কাদের চৌধুরী বলেন, যাঁদের আত্মত্যাগে এই ইতিহাস সৃষ্টি হয়েছে, তাঁদের আমন্ত্রণ না পাওয়া অত্যন্ত দুঃখজনক।
অভিযোগের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহিম বলেন, অল্প সময়ের মধ্যে তড়িঘড়ি করে অনুষ্ঠান আয়োজন করতে হওয়ায় সবার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। বিষয়টি ইচ্ছাকৃত নয় এবং ভবিষ্যতে সব অংশীজনকে অন্তর্ভুক্ত করার চেষ্টা করা হবে।
Leave a Reply