মু. আজিজ, ফটিকছড়ি: চট্টগ্রামের ফটিকছড়িতে গাছ কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামাল আলম (২৬) নামে এক কাঠুরিয়ার মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (১৩ জুলাই) সকালে উপজেলার নাজিরহাট পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পূর্ব ফরহাদাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জামাল আলম নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার ভূজপুর ইউনিয়নের আছিয়া চা বাগান এলাকার বাসিন্দা মানু মিয়ার ছেলে। তিনি পেশায় একজন কাঠুরে ছিলেন। পরিবার সূত্রে জানা গেছে, জামাল দৈনিক বেতনে গাছ কাটার কাজ করতেন। তাঁর চার ছেলে-মেয়ে রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে পূর্ব ফরহাদাবাদ এলাকায় একটি গাছ কাটার সময় বৃষ্টির মধ্যে গাছের একটি ডাল পাশের বিদ্যুতের তারের ওপর পড়ে যায়। এ সময় গাছের সঙ্গে থাকা জামাল আলম বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. কামরুল হাসান জানান, হাসপাতালে আনার আগেই জামাল আলমের মৃত্যু হয়েছে। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এদিকে, জামাল আলমের আকস্মিক মৃত্যুতে তাঁর পরিবার ও আছিয়া চা বাগান এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের মধ্যে চলছে আহাজারি।
Leave a Reply