এইচ এম রবিউল, তালতলী উপজেলা প্রতিনিধি: বরগুনার তালতলী উপজেলাধীন কড়ইবাড়িয়া ইউনিয়নের আলীর বন্দর গ্রামে পরকীয়াকে কেন্দ্র করে পারিবারিক অশান্তি চরমে পৌঁছেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মোঃ জালাল হাওলাদার (৩৫), পিতা: ছয়জউদ্দিন হাওলাদারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন তার স্ত্রী মোসাঃ জেসমিন (৩১), পিতা: ইদ্রিস শিকদার।
ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, জালাল হাওলাদার দীর্ঘদিন ধরে তাদের বাড়ির পাশের নারী রুবিনার সঙ্গে অবৈধ সম্পর্ক (পরকীয়া) করে আসছেন। বিষয়টি নিয়ে একাধিকবার প্রতিবাদ করলেও তিনি তা উপেক্ষা করেন এবং উল্টো স্ত্রীকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন শুরু করেন। জেসমিন জানান, সর্বশেষ ঘটনায় তিনি স্বামীর পরকীয়ার বিরুদ্ধে বাধা দিলে তাকে ঘরের বাইরে রেখে দরজা বন্ধ করে দেন জালাল হাওলাদার। এ সময় তাদের মেয়ে বিষয়টি ঠেকাতে এগিয়ে এলে ক্ষিপ্ত হয়ে তিনি মেয়ের গলা টিপে হত্যার চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়।
তিনি আরও বলেন, “আমাকে প্রতিনিয়ত মারধর করা হয় এবং জোর করে ডিভোর্স দিতে চাপ দেওয়া হচ্ছে।” বর্তমানে তিন মেয়েকে নিয়ে তিনি চরম অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন বলেও জানান। ঘটনাটি এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ভুক্তভোগী জেসমিন প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
Leave a Reply