স্টাফ রিপোর্টার,আ. রহিম গাজী, রাঙ্গাবালী (পটুয়াখালী) সংবাদদাতা : পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার সদর ইউনিয়নে এলজিইডির অধীনে নির্মাণাধীন একটি সড়ক নির্মাণকাজে অনিয়মের অভিযোগকে ভিত্তিহীন বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এলজিইডির উপজেলা প্রকৌশলী সরেজমিনে পরিদর্শন করে জানান, প্রকল্পের কাজ অনুমোদিত নকশা ও প্রাক্কলন অনুযায়ীই বাস্তবায়ন করা হচ্ছে।
বুধবার (৪ মার্চ) গঙ্গিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সামুদাফৎ সড়ক হয়ে বটতলা পর্যন্ত নির্মাণাধীন সড়কটি পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদ মিঞা ও এলজিইডির উপজেলা প্রকৌশলী মো. হাবিবুর রহমান। এ সময় অভিযোগকারীসহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।
ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স নাজমুল শাহাদাৎ ট্রেডার্স জানায়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর অধীনে ২০২৩–২৪ অর্থবছরে প্রায় ৬ দশমিক ২৫ কিলোমিটার সড়ক নির্মাণ প্রকল্পটি অনুমোদন পায়। প্রায় ৪ কোটি ৪৬ লাখ টাকা ব্যয়ে প্রকল্পটির কাজ বর্তমানে চলমান রয়েছে।
প্রতিষ্ঠানটির প্রতিনিধি মো. সাহিন বলেন, সড়ক নির্মাণে নিম্নমানের উপকরণ ব্যবহার বা নকশাবহির্ভূত কাজ করার যে অভিযোগ তোলা হয়েছে তা সঠিক নয়। প্রকল্পের প্রতিটি ধাপ এলজিইডির তত্ত্বাবধানে সম্পন্ন হচ্ছে এবং নিয়মিত তদারকি করা হচ্ছে।
এলজিইডির উপজেলা প্রকৌশলী মো. হাবিবুর রহমান জানান, কাজ চলাকালে দুইজন কার্যসহকারী সার্বক্ষণিক সাইটে দায়িত্ব পালন করেন এবং উপসহকারী প্রকৌশলী মো. আরিফ হোসেন নিয়মিত পরিদর্শন করেন। সড়ক নির্মাণে নির্ধারিত পুরুত্ব ও তাপমাত্রা ঠিক রেখে কাজ করা হচ্ছে। সাইটে স্কেল দিয়ে পুরুত্ব এবং থার্মোমিটার দিয়ে তাপমাত্রা পরীক্ষা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদ মিঞা বলেন, অভিযোগ পাওয়ার পর উপজেলা প্রকৌশলীকে সঙ্গে নিয়ে সড়কটি সরেজমিনে পরিদর্শন করা হয়। পরিদর্শনের সময় ১০ থেকে ১৫টি স্থানে নির্মাণকাজের পুরুত্ব পরীক্ষা করা হয়েছে এবং কোথাও কম পাওয়া যায়নি।
তিনি আরও বলেন, যাচাই-বাছাই করে দেখা গেছে অভিযোগের সঙ্গে বাস্তবতার মিল নেই। সড়ক নির্মাণকাজ অনুমোদিত নকশা অনুযায়ীই চলছে।
Leave a Reply