স্টাফ রিপোর্টার,আ. রহিম গাজী,রাঙ্গাবালী (পটুয়াখালী): পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলায় বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণ-এর উদ্যোগে এবং ফিশনেট প্রকল্পের আওতায় বহু-অংশজনীয় (মাল্টি-স্টেকহোল্ডার) মৎস্যজীবী প্লাটফর্মের এক সভা অনুষ্ঠিত হয়েছে। ওসান গ্রান্টস প্রোগ্রাম ও UK International Development-এর আর্থিক সহযোগিতায় আয়োজিত এ সভা সোমবার (০২ মার্চ ২০২৬) বেলা ১১টায় রাঙ্গাবালী উপজেলা হলরুমে অনুষ্ঠিত হয়।
সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মৎস্যজীবী নেটওয়ার্কের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গাবালী উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অজিত চন্দ্র দেবনাথ।
সভায় ফিশনেট প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য ও চলমান কার্যক্রম সম্পর্কে বিস্তারিত উপস্থাপন করেন প্রকল্পের অ্যাডভোকেসি অফিসার মো. মিজানুর রহমান। তিনি প্রকল্পের অগ্রগতি তুলে ধরে মৎস্যজীবীদের সরকারি জেলে কার্ড প্রাপ্তি, জেলে সমবায় সমিতি গঠন ও নিবন্ধন, জলমহাল ইজারা প্রক্রিয়া সহজীকরণ, জলাবদ্ধতা নিরসন, সামাজিক সুরক্ষা জাল কর্মসূচিতে প্রান্তিক জেলে পরিবারদের অন্তর্ভুক্তি এবং ঝরে পড়া শিক্ষার্থীদের পুনরায় বিদ্যালয়ে ফিরিয়ে আনার বিষয়ে সংশ্লিষ্ট সকল অংশীজনের সক্রিয় সহযোগিতা কামনা করেন। পাশাপাশি এসব কার্যক্রম বাস্তবায়নে সরকারি কর্মকর্তাদের মতামত, সহায়তা ও সুনির্দিষ্ট পরামর্শ প্রদানের আহ্বান জানান।
সভায় বক্তারা মৎস্যজীবীদের জীবনমান উন্নয়ন, অধিকার সংরক্ষণ এবং টেকসই মৎস্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।
সভাটির সার্বিক সমন্বয় ও তত্ত্বাবধানে ছিলেন ফিশনেট প্রকল্পের এরিয়া ম্যানেজার অনিমেষ পাল।
Leave a Reply