স্টাফ রিপোর্টার: শিহাব আহমেদ: মুন্সীগঞ্জের সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান চালিয়ে ৮ জন জুয়ারীকে গ্রেফতার করেছে সিরাজদিখান থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলার বিভিন্ন সরঞ্জাম ও নগদ টাকা জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার বিকেলে উপজেলার কুচিয়ামোরা সিড়িঘাট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জুয়ার আসর থেকে ৮ জনকে হাতেনাতে আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— রাজা মিয়া, বিপ্লব, জলিল, সেন্টু, হুমায়ুন শেখ, ইমদাদুল হক, বকুল ও সোহাগ।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এ বিষয়ে সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হান্নান বলেন, “থানা এলাকায় মাদক ও জুয়া নির্মূলে পুলিশের অভিযান চলমান রয়েছে। সমাজকে অপরাধমুক্ত রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
স্থানীয় সচেতন মহল পুলিশের এ ধরনের অভিযানের প্রশংসা করে মাদক, জুয়া ও অন্যান্য সামাজিক অপরাধের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
Leave a Reply