কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে ঝড়ের সময় বিদ্যুতের খুঁটি উপড়ে চলন্ত অটোরিকশার ওপর পড়ে এক স্কুল শিক্ষিকার মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত শিউলি (৩৫) উপজেলার নাগরী ইউনিয়নের শিমুলিয়া এলাকার বাসিন্দা এবং একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ছিলেন। এ ঘটনায় আরও দুই যাত্রী গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (০৫ মে ২০২৬) দুপুরে টঙ্গী-ঘোড়াশাল-সিলেট আঞ্চলিক মহাসড়কের শিমুলিয়া রেলগেট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে আকস্মিক ঝড়-বৃষ্টির মধ্যে শিউলি অটোরিকশাযোগে গন্তব্যে যাচ্ছিলেন। পথিমধ্যে শিমুলিয়া রেলগেটের পূর্ব পাশে পাওয়ার প্লান্ট অফিসের সামনে পৌঁছালে রাস্তার পাশে স্থাপিত পল্লী বিদ্যুতের একটি খুঁটি হঠাৎ ভেঙে অটোরিকশার ওপর পড়ে। সে সময় খুঁটিতে বিদ্যুৎ সংযোগ সচল থাকায় ঘটনাস্থলেই শিউলির মৃত্যু হয়।
দুর্ঘটনায় আহত অন্য দুই যাত্রীকে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, একটি খুঁটি ভেঙে পড়ার সময় তারের টানে আশপাশের আরও ১০-১২টি খুঁটি হেলে পড়ে। ছিঁড়ে যাওয়া বিদ্যুতের তার পাশের একটি পুকুরে পড়লে মুহূর্তেই পুকুরের মাছ মরে ভেসে ওঠে। এতে পুরো এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং মহাসড়কে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। হাজার হাজার যানবাহন আটকা পড়ে, চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। তাদের অভিযোগ, সম্প্রতি স্থাপিত পল্লী বিদ্যুতের খুঁটিগুলো যথাযথ নিয়ম মেনে বসানো হয়নি। খুঁটির গোড়ায় পর্যাপ্ত মাটি ও গভীরতা নিশ্চিত না করায় সামান্য ঝড়েই এগুলো উপড়ে পড়ে দুর্ঘটনার কারণ হয়েছে। স্থানীয় বাসিন্দা আব্দুল আলীম বলেন, “অব্যবস্থাপনার কারণেই আজ একজন শিক্ষিকার প্রাণ গেল। খুঁটিগুলোর গোড়া শক্ত থাকলে এমনটি হতো না।”
এ বিষয়ে কালীগঞ্জ পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের উপ-পরিচালক মো. আক্তার হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। তবে দুর্ঘটনার পরপরই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকির হোসেন জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে এবং যানজট নিরসনে কাজ করছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা রাস্তা থেকে উপড়ে পড়া খুঁটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। প্রিয় শিক্ষিকার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Leave a Reply