কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় ২০২৬ সালের অনুষ্ঠিতব্য এসএসসি/দাখিল পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে আয়োজনের লক্ষ্যে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব এ.টি.এম কামরুল ইসলাম। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জনাব জাকিয়া সরওয়ার লিমা।
সভায় বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগণ, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, স্থানীয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
সভায় বক্তারা আসন্ন এসএসসি/দাখিল পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সার্বিক প্রস্তুতি, পরীক্ষাকেন্দ্রের নিরাপত্তা, প্রশ্নপত্র ফাঁস প্রতিরোধ, নকলমুক্ত পরিবেশ নিশ্চিতকরণ এবং পরীক্ষার্থীদের জন্য অনুকূল পরিবেশ তৈরির ওপর গুরুত্বারোপ করেন।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.টি.এম কামরুল ইসলাম বলেন, “পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক রয়েছে। কোনো ধরনের অনিয়ম বা নকলের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।”
সভা শেষে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করে একটি সুশৃঙ্খল ও স্বচ্ছ পরীক্ষা আয়োজনের আহ্বান জানানো হয়।
Leave a Reply