কালীগঞ্জ (গাজীপুর)প্রতিনিধি: “আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার—সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরের কালীগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ মার্চ) বেলা ১১টায় কালীগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের সহযোগিতায় মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থা কালীগঞ্জের উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলামের সভাপতিত্বে এবং জাতীয় মহিলা সংস্থা কালীগঞ্জ উপজেলা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জেসমিন বেগমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সারোয়ার লিমা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজওয়ানা রশিদ, উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার মোরসালিন মেহেদী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আফরোজা বেগম এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূর-ই জান্নাত।
বক্তারা তাদের বক্তব্যে আন্তর্জাতিক নারী দিবসের ইতিহাস ও তাৎপর্য তুলে ধরেন। তারা বলেন, ১৯০৮ সালে যুক্তরাষ্ট্রে নারী শ্রমিকদের অধিকার ও ন্যায্য মজুরির দাবিতে আন্দোলনের মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালনের সূচনা হয়। পরবর্তীতে ১৯১০ সালে ডেনমার্কের কোপেনহেগেনে অনুষ্ঠিত আন্তর্জাতিক নারী সম্মেলনে জার্মান সমাজকর্মী ক্লারা জেটকিন বিশ্বব্যাপী নারী দিবস পালনের প্রস্তাব দেন। সেই ধারাবাহিকতায় বিশ্বের বিভিন্ন দেশে ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালিত হয়ে আসছে। ১৯৭৫ সালে জাতিসংঘ আনুষ্ঠানিকভাবে দিবসটি স্বীকৃতি দেয়।
আলোচকরা বলেন, নারী ও কন্যা শিশুর অধিকার সুরক্ষিত করতে হলে সমাজের দৃষ্টিভঙ্গির পরিবর্তন অত্যন্ত জরুরি। শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি ও সামাজিক সকল ক্ষেত্রে নারীর সমঅধিকার নিশ্চিত করতে রাষ্ট্র ও সমাজের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ, নারী কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষিকারা উপস্থিত ছিলেন। বক্তারা আন্তর্জাতিক নারী দিবসের তাৎপর্য তুলে ধরে নারীর ক্ষমতায়ন, নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
Leave a Reply