তৌহিদুল ইসলাম শামিম, হিলি (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলিতে অপহৃত মেহের আলী (৬৪) নিখোঁজের ১১ দিন পার হলেও তাকে উদ্ধার বা তার কোনো খোঁজ না পাওয়ায় মানববন্ধন শেষে হিলি-জয়পুরহাট সড়ক অবরোধ করেন তার বর্তমান স্ত্রী ও স্বজনরা। এতে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং গরুবাহী ভটভটিসহ বিভিন্ন যানবাহন আটকা পড়ে।
পরে হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন ঘটনাস্থলে পৌঁছে আগামী ২৪ ঘণ্টার মধ্যে মেহের আলীকে উদ্ধার করে পরিবারের কাছে পৌঁছে দেওয়ার আশ্বাস দিলে অবরোধকারীরা সড়ক ছেড়ে দেন। এতে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং যান চলাচল পুনরায় শুরু হয়।
শুক্রবার (১০ এপ্রিল) জুমার নামাজের পর হাকিমপুর হিলি পৌর শহরের দক্ষিণ বাসুদেবপুর মহিলা কলেজ এলাকার মেহের আলীর বাড়ির সামনে মানববন্ধন কর্মসূচি শুরু হয়। পরে তার প্রথম ও বর্তমান স্ত্রী, মেয়ে এবং স্বজনরা সড়ক অবরোধ করেন।
ঘটনাস্থলে গিয়ে জানা যায়, মেহের আলী বিপুল সম্পদের মালিক হলেও তিনি সাদাসিধে জীবনযাপন করতেন।
মেহের আলীর প্রথম স্ত্রী চাপিলা বেগম বলেন, “আমার তিন সন্তান ছিল। ছেলে মারা যাওয়ায় এখন দুই মেয়ে আছে। আমি আলাদা থাকি। পরে আমার স্বামী রোমাকে দ্বিতীয় বিয়ে করেন। তাদের এক ছেলে রাব্বি ও দুই মেয়ে সিনথিয়া ও মিম রয়েছে। আমার স্বামীকে গুম করার সঙ্গে ছেলে রাব্বি, স্ত্রী রোমা ও মেয়ে জামাই ইমন জড়িত। প্রায় ১২-১৩ দিন ধরে তার কোনো খোঁজ নেই।”
মেহের আলীর প্রথম পক্ষের এক মেয়ে বলেন, “আমরা দুই বোন জীবিত আছি। আমরা এখানে থাকি না। সৎ মায়ের সংসার ভালো থাকুক—এই ভেবে দূরে থাকি। বাবা প্রায় ৬-৭ বছর আগে রোমাকে তালাক দেন। এরপরও ছেলে রাব্বি ও মেয়ে জামাই ইমন জোর করে বাড়িতে থাকে। সম্প্রতি বাবা তৃতীয় বিয়ে করেন। সম্পত্তির লোভে আমার সৎ ভাই বাবাকে গুম করেছে।”
তিনি আরও বলেন, “থানা ও ইউএনও’র কাছে গেলে বলা হয়, বাবা নাকি মাদকাসক্ত, তাই জয়পুরহাটের একটি মাদক নিরাময় কেন্দ্রে রাখা হয়েছে। সেখানে গিয়ে বাবাকে না পেয়ে আজ মানববন্ধন ও সড়ক অবরোধ করেছি। আমরা আজই বাবাকে জীবিত দেখতে চাই।”
এদিকে মেহের আলীর বর্তমান স্ত্রী আঞ্জুয়ারা বেগম বলেন, “মাত্র তিন মাস আগে আমাদের বিয়ে হয়েছে। রোমাকে তালাক দেওয়ার কাগজ দেখে আমি বিয়ে করি। কিন্তু রোমা, তার ছেলে রাব্বি ও মেয়ে জামাই ইমন জোর করে এই বাড়িতে থাকে। প্রায় ১১-১২ দিন আগে তারা পরিকল্পিতভাবে আমার স্বামীকে গুম করেছে।”
তিনি আরও বলেন, “পুলিশ বলেছে, তাকে নাকি মাদক নিরাময় কেন্দ্রে রাখা হয়েছে। কিন্তু সেখানে গিয়ে কোনো খোঁজ পাইনি। তাই আজ মানববন্ধন ও সড়ক অবরোধ করেছি। ওসির আশ্বাসে অবরোধ তুলে নিয়েছি। আমি আমার স্বামীকে জীবিত ফিরে পেতে চাই।”
এ বিষয়ে হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন মুঠোফোনে বলেন, “২৪ ঘণ্টার মধ্যে মেহের আলীকে উদ্ধার করা হবে। তার স্ত্রী ও স্বজনরা জানেন তিনি কোথায় আছেন। আমাকে কাজ করার সময় দিতে হবে।”
পরে তিনি ঘটনাস্থলে এসে অবরোধকারীদের সঙ্গে কথা বলেন এবং দ্রুত উদ্ধারের আশ্বাস দিলে তারা সড়ক অবরোধ প্রত্যাহার করেন। এরপর হিলি-জয়পুরহাট সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
Leave a Reply