লালমাই (কুমিল্লা) প্রতিনিধি: আসন্ন কুমিল্লা জেলার লালমাই উপজেলার ভুলইন উত্তর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে ভোটের সমীকরণে আলোচনায় উঠে এসেছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আবদুল জলিল সওদাগর। দীর্ঘদিন ধরে নিজস্ব অর্থায়নে সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে এলাকায় ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা অর্জন করেছেন তিনি।
স্থানীয় সূত্রে জানা যায়, সৌদি আরবের সফল এই ব্যবসায়ী দীর্ঘদিন ধরে ভুলইন উত্তর ইউনিয়নের গরিব, দুঃখী ও অসহায় মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছেন। পাশাপাশি স্থানীয় মসজিদ, মাদ্রাসা, শিক্ষাপ্রতিষ্ঠানসহ নানা সামাজিক সংগঠনের উন্নয়নে তার উল্লেখযোগ্য অবদান রয়েছে। ফলে দল-মত নির্বিশেষে ইউনিয়নের চায়ের দোকান থেকে শুরু করে হাট-বাজারে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে তার নাম।
নির্বাচনী ভাবনার বিষয়ে মতবিনিময়কালে আবদুল জলিল সওদাগর বলেন, চেয়ারম্যান নির্বাচিত হলে শাসক নয়, জনগণের সেবক হয়ে কাজ করতে চাই। ভুলইন উত্তর ইউনিয়নকে একটি মডেল, আধুনিক ও নিরাপদ ইউনিয়নে রূপান্তর করাই আমার মূল লক্ষ্য।
তিনি আরও জানান, দায়িত্ব পেলে রাস্তাঘাটের আধুনিকায়ন, সরকারি সহায়তার সুষম ও স্বচ্ছ বণ্টন নিশ্চিত করার পাশাপাশি এলাকাকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত শান্তিময় জনপদে পরিণত করবেন।
এদিকে, সাধারণ ভোটারদের একাংশের মতে, হিংসা-বিদ্বেষের ঊর্ধ্বে উঠে এলাকার সার্বিক উন্নয়নে একজন সৎ, যোগ্য ও কর্মঠ নেতৃত্বের প্রয়োজন। দীর্ঘদিনের পরিচিত ও পরীক্ষিত মুখ আবদুল জলিল সওদাগরকে চেয়ারম্যান হিসেবে পেলে ইউনিয়নের অবহেলিত অবকাঠামোর দ্রুত উন্নয়ন ঘটবে বলে প্রত্যাশা করছেন তারা।
Leave a Reply