স্টাফ রিপোর্টার, আ. রহিম গাজী, রাঙ্গাবালী (পটুয়াখালী): সরকার ঘোষিত ৫৮ দিনের সামুদ্রিক মাছ আহরণ নিষেধাজ্ঞা অমান্য করে সমুদ্রে মাছ ধরার অভিযোগে পটুয়াখালীর রাঙ্গাবালীতে তিনটি ট্রলার মালিককে জরিমানা করেছে উপজেলা মৎস্য বিভাগ। এ সময় বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং জব্দকৃত টাইগার চিংড়ি এতিমখানায় বিতরণ করা হয়েছে।
জানা গেছে, ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত মোট ৫৮ দিন সাগরে সকল প্রকার মাছ আহরণ নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। এই নিষেধাজ্ঞা বাস্তবায়নে অদ্য ১১ মে ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৪টা থেকে ১২ মে দুপুর ২টা পর্যন্ত রাঙ্গাবালীর সাগর মোহনায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন রাঙ্গাবালী উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ জহিরুন্নবী। অভিযানের সময় নিষেধাজ্ঞা অমান্য করে সমুদ্রে মাছ ধরার দায়ে তিনটি ট্রলার মালিককে মোট ১৪ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় অভিযান পরিচালনাকারী দল প্রায় ২৫০ কেজি টাইগার চিংড়ি মাছ জব্দ করে। পরে মানবিক দিক বিবেচনায় জব্দকৃত মাছ স্থানীয় এতিমখানাগুলোতে বিনামূল্যে বিতরণ করা হয়।
অভিযানকালে বিপুল পরিমাণ অবৈধ জালও জব্দ করা হয়। পরে ফুলখালী স্লুইসঘাট এলাকায় জনসম্মুখে জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। ধ্বংসকৃত জালের আনুমানিক মূল্য প্রায় ৪৫ লাখ টাকা বলে জানিয়েছে মৎস্য বিভাগ।
উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ জহিরুন্নবী জানান, সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ ও ইলিশসহ বিভিন্ন প্রজাতির মাছের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে সরকারের এ নিষেধাজ্ঞা কার্যকর করা হচ্ছে। নিষেধাজ্ঞা চলাকালে সমুদ্রে মাছ ধরার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
Leave a Reply