সাত দিনব্যাপী নৌ পুলিশের বিভিন্ন অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ ঘোষিত অবৈধ জাল, মাছ, মাছের পোনা ও জেলীযুক্ত চিংড়ি উদ্ধারসহ ২৮১ জনকে আটক করা হয়। এ সময় জব্দ করা মাছ এতিমখানায় বিতরণ করেছে নৌ-পুলিশ।
বৃহস্পতিবার (৫ মার্চ) নৌ-পুলিশের পুলিশ সুপার (মিডিয়া) মারুফা ইয়াসমিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
নৌ পুলিশের অভিযানে মোট ৩ কোটি ৯৭ লাখ ২৩ হাজার ৫২৩ মিটার অবৈধ জাল, ৪ হাজার ৫০১ কেজি মাছ, ৫৬ হাজার মাছের পোনা এবং ৩৫০ কেজি জেলীযুক্ত চিংড়ি জব্দ করা হয়। এছাড়া নদী থেকে ধ্বংস করা হয় ৩৭৩টি ঝোপঝাড়।
অভিযান চলাকালে বৈধ কাগজপত্র না থাকায় ৯৫টি বাল্কহেডের বিরুদ্ধে নৌ আদালতে মামলা দায়ের করা হয় এবং ৪টি ড্রেজার জব্দ করা হয়।
সাত দিনের এ অভিযানে ২৮১ জন আসামিকে গ্রেফতার করা হয়। এ সময় ৪৭টি মৎস্য আইন, ৯টি বেপরোয়া গতি আইন, ৮টি অপমৃত্যু, ২টি বালুমহাল, ২টি নদী দূষণ, ১টি চুরি, ১টি মাদক এবং ১টি হত্যা মামলাসহ মোট ৭১ টি মামলা দায়ের করা হয়েছে।
জব্দ করা অবৈধ জাল ও জেলীযুক্ত চিংড়ি ধ্বংস করা হয়েছে। উদ্ধার করা মাছের পোনা পানিতে অবমুক্ত করা হয়েছে এবং অবশিষ্ট মাছ এতিমখানায় বিতরণ করা হয়েছে বলে জানিয়েছে নৌ পুলিশ।
Leave a Reply