চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার পাইন্দং ইউনিয়নে অনুমতি ছাড়া টিলা কাটার অপরাধে এক ব্যক্তিকে আটক করে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৯ অক্টোবর) বিকেল ৫টা ৪০ মিনিট থেকে সন্ধ্যা ৭টা ২০ মিনিট পর্যন্ত ফটিকছড়ি থানা পুলিশের সহযোগিতায় উপজেলার পাইন্দং ইউনিয়নে অবৈধভাবে বালু ও মাটি কাটা বন্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে অনুমতি ছাড়া টিলা শ্রেণির জমি কাটার অপরাধে একজনকে আটক করা হয়। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর সংশ্লিষ্ট ধারায় তাঁকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে অনুমতি ছাড়া মাটি কাটবেন না—এ মর্মে তাঁর কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।
অভিযানটি পরিচালনা করেন ফটিকছড়ি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রহমত উল্যাহ।
Leave a Reply