চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাব্যুতে দ্বিতীয় লেগে বেনফিকাকে ২-১ গোলে হারিয়ে দুই লেগ মিলিয়ে ৩-১ ব্যবধানে জিতে পরের রাউন্ড নিশ্চিত করে লস ব্লাঙ্কোরা। প্রথম লেগে ভিনিসিয়ুসের গোলেই এগিয়ে ছিল মাদ্রিদ। তবে ঘরের মাঠে শুরুটা ভালো হয়নি। ১৪তম মিনিটে রাউল আসেনসিওর ভুলে বিপাকে পড়ে রিয়াল; কুর্তোয়া প্রথম শট ঠেকালেও রাফা সিলভা রিবাউন্ড থেকে গোল করে এগিয়ে দেন বেনফিকাকে।
তবে মাত্র দুই মিনিট পরই জবাব দেয় স্বাগতিকরা। ফেদেরিকো ভালভার্দের কাটব্যাক থেকে অরেলিয়েন চুয়োমেনি দারুণ শটে সমতা ফেরান। এরপর আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ। আর্দা গুলেরের একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়, অন্যদিকে বেনফিকাও একাধিক সুযোগ তৈরি করলেও কুর্তোয়ার দৃঢ়তায় সমতা ধরে রাখে রিয়াল। ম্যাচের মোড় ঘোরে ৮০তম মিনিটে। ভালভার্দের পাস পেয়ে ভিনিসিয়ুস একক প্রচেষ্টায় ডিফেন্ডারদের কাটিয়ে ঠান্ডা মাথায় বল জালে পাঠান। ওই গোলেই শেষ পর্যন্ত জয় নিশ্চিত হয় মাদ্রিদের। ইনজুরি টাইমের ৯ মিনিটও সফলভাবে সামলে নেয় তারা।
২০০৩-০৪ মৌসুম থেকে টানা ২৩ বার চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে উঠল রিয়াল—এই কীর্তি ইউরোপে অনন্য। টানা পাঁচ ম্যাচে গোল করে নিজের সেরা ছন্দও ছুঁয়েছেন ভিনিসিয়ুস। এখন শেষ ষোলোতে রিয়ালের সম্ভাব্য প্রতিপক্ষ ম্যানচেস্টার সিটি অথবা স্পোর্টিং সিপি। যে দলই হোক, ইউরোপ সেরার মঞ্চে আরেকটি মহারণের অপেক্ষায় ফুটবল দুনিয়া।
Leave a Reply