নিজস্ব প্রতিবেদকঃ প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ন্যায়বিচার নিশ্চিত করার স্বার্থে গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ চায় সরকার। তিনি আরও জানান, শেখ হাসিনা বাংলাদেশ বিমানে আসবেন, নাকি অন্য কোনো উপায়ে—এ বিষয়ে আলোচনা শেখ হাসিনার সঙ্গে নয়, বরং ভারতের সঙ্গে হবে।
মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের নিয়মিত ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।
শেখ হাসিনার বাংলাদেশ বিমানে দেশে ফেরার ইচ্ছা প্রসঙ্গে জাহেদ উর রহমান বলেন, ‘শেখ হাসিনা বাংলাদেশ বিমানে আসতে চান। ভাগ্যিস বলছেন না, আসার পর ওনাকে প্রাইম মিনিস্টার হিসেবে এখানে দায়িত্ব দিতে হবে। আমি দেখেছি, ভারতের কেউ কেউ বলেন যে উনি নাকি এখনো প্রাইম মিনিস্টার। আমরা দাওয়াত কার্ড পাঠিয়ে রাখি উনি তাও চান কি না জানি না। জোকস অ্যাপার্ট। আমরা যেভাবে তাকে চাই, সেভাবেই চাই।’
তিনি আরও বলেন, ‘তাকে আমাদের কাছে প্রত্যর্পণ করা হবে। তিনি মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত একজন মানুষ, মৃত্যুদণ্ড পেয়েছেন। ন্যায়বিচার নিশ্চিত করার স্বার্থে তার মৃত্যুদণ্ড কার্যকর করার অপেক্ষা করছে বাংলাদেশ। তিনি যেখানে পালিয়ে আছেন, সেই রাষ্ট্রের (ভারত) কাছে আমাদের আবেদন জানিয়েছি তাকে যেন আমাদের কাছে হস্তান্তর করা হয়।’
শেখ হাসিনাকে দেশে ফেরানোর প্রক্রিয়া সম্পর্কে তিনি বলেন, তাকে হস্তান্তর করা হলে বাংলাদেশ বিমানে আনা হবে, নাকি তিনি ভারতের বিমানে আসবেন, তা পরে ঠিক করা হবে।
উল্লেখ্য, শেখ হাসিনার মুখপাত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে উল্লেখ করেছে, শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে বাংলাদেশে ফিরতে চান। ভারতের দিল্লি থেকে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজে তাকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
Leave a Reply