স্টাফ রিপোর্টার, আ. রহিম গাজী, রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের কাটাখালী বাজারে মাদকের বিরুদ্ধে সচেতনতামূলক মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) বিকেল ৫টায় স্থানীয় সচেতন নাগরিকদের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা ব্যানার-ফেস্টুন হাতে মাদকের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং সমাজ থেকে মাদক নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। বক্তারা বলেন, বর্তমানে মাদক একটি সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে, যা বিশেষ করে যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। অনেক সম্ভাবনাময় তরুণ মাদকের কারণে বিপথগামী হচ্ছে, পরিবার ও সমাজে অশান্তি সৃষ্টি হচ্ছে এবং অপরাধ প্রবণতা বাড়ছে। বক্তারা আরও বলেন, মাদক আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে। রাঙ্গাবালীতে যতদিন মাদক সম্পূর্ণ নির্মূল না হবে, ততদিন আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে। আমরা মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি এবং এই যুদ্ধ চলবে শেষ পর্যন্ত।
তারা বলেন, মাদক নির্মূলে প্রশাসনের কঠোর ভূমিকার পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক, সাংবাদিক ও সমাজের সচেতন মহলের সমন্বিত উদ্যোগ অত্যন্ত জরুরি। মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বানও জানান তারা।
মানববন্ধন থেকে স্থানীয় প্রশাসনের প্রতি এলাকায় মাদকের বিস্তার রোধে নিয়মিত অভিযান পরিচালনা, মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় আনা এবং তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করার জন্য কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানানো হয়। একই সঙ্গে এলাকাবাসী প্রশাসনের সর্বস্তরের সহযোগিতা কামনা করেন। বক্তারা আশাবাদ ব্যক্ত করেন, সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত প্রচেষ্টা এবং প্রশাসনের আন্তরিক সহযোগিতায় রাঙ্গাবালীকে একটি মাদকমুক্ত, শান্তিপূর্ণ ও নিরাপদ জনপদ হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।
Leave a Reply