ঈদুল আযহা সামনে রেখে যানজট নিরসন ও অবৈধ পশুরহাট বন্ধে কঠোর অবস্থানের ঘোষণা
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ মে) সকালে উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম।
সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরোয়ার লিমা, কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাকির হোসেন, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, মুক্তিযুদ্ধের প্রতিনিধি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, স্থানীয় গণমাধ্যমকর্মী ও এলাকার সুধীজন।
সভায় আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে জনগণের দুর্ভোগ কমাতে যানজট নিরসনে বিশেষ গুরুত্বারোপ করা হয়। বিশেষ করে মহাসড়ক ও গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যান চলাচল স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সকলকে কার্যকর ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেওয়া হয়।
এছাড়াও সভায় কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলা হয়, কোথাও অনুমোদনবিহীন পশুরহাট বসতে দেওয়া হবে না। শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ, মহাসড়ক কিংবা জনদুর্ভোগ সৃষ্টি হয় এমন কোনো স্থানে পশুরহাট বসানোর চেষ্টা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সভায় বক্তারা বলেন, ঈদকে কেন্দ্র করে জনসাধারণের নিরাপত্তা, যানবাহন চলাচল ও সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে। পাশাপাশি জনগণের সহযোগিতাও কামনা করা হয়।
সম্পাদকঃ মীর হোসেন মোল্লা, সহ-সম্পাদকঃ মহিউদ্দিন মাসুদ, নির্বাহী সম্পাদকঃ এম জি শাহ আলম, বার্তা সম্পাদকঃ বাছেদ হোসাইন, যোগাযোগঃ ১৫/২ আরামবাগ (কিউটগলি) মতিঝিল, ঢাকা। মোবাইলঃ 01819846876, মেইলঃ banglarrupnp@gmail.com
© All rights reserved © 2026